Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ড. ইউনূস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ এএম

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ড. ইউনূস

বিজ্ঞাপন

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। দায়িত্বে থাকাকালীনই, প্রায় এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুধু প্রধান উপদেষ্টা নন, তার সরকারের একাধিক উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার কর্মকর্তারাও ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে কয়েকজন এখনো লাল পাসপোর্ট হস্তান্তর করেননি। এদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টাসহ প্রায় ২০ জন উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তি তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন। অধিকাংশই নির্বাচনের আগেই এ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সাধারণত সরকারের মেয়াদকাল ধরে এবং অতিরিক্ত ছয় মাস পর্যন্ত সময় বিবেচনায় কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করা হয়। বিদায়ী সরকারের বেশিরভাগ উপদেষ্টাই কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। বাকিরা এখনো হস্তান্তর করেননি। তবে মেয়াদ শেষ হলে পাসপোর্ট নবায়নের সুযোগ আর থাকে না। ফলে যারা এখনো পাসপোর্ট জমা দেননি, নির্ধারিত সময় পার হলে তাদেরও তা ফেরত দিতে হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যারা ইতোমধ্যে লাল পাসপোর্ট জমা দিয়েছেন তাদের তালিকায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরও অনেকে।

এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। দায়িত্ব হস্তান্তরের পর সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই প্রক্রিয়া অনুসরণ করেন।

২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে ড. ইউনূসের সরকার।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ পূর্ণ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার