বিজ্ঞাপন
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, আত্মহত্যার দাবি কারারক্ষীর
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ এএম
বিজ্ঞাপন
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামে এক হাজতি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন কারারক্ষী। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কারারক্ষী আরমান জানান, বিকালের দিকে কারাগারের ভেতরে রফিকুল ইসলাম ফাঁস দিয়ে অচেতন হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেকে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। তার বাবার নাম আশরাফ আলী। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি কারারক্ষী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন