Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

৭ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ, বেতন কত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

৭ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ, বেতন কত

বিজ্ঞাপন

নতুন সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তরে একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে আরও সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয়।

যেসব দপ্তরে নিয়োগ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব এ কে এম তাজকির-উজ-জামান। একই দপ্তরে সহকারী একান্ত সচিব হয়েছেন মো. মাকসুদুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর একান্ত সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপ-সচিব মো. শফিকুর আলম।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-এর একান্ত সচিব হয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপ-সচিব) মো. তানজিল্লুর রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির-এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি থাকা উপ-সচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে তার সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জোবায়ের হোসেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন-এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুর রহমান।

বেতন ও নিয়োগের শর্ত

প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী একান্ত সচিবরা সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুসারে নবম গ্রেডে ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যতদিন নিজ নিজ পদে বহাল থাকবেন বা সংশ্লিষ্টদের এপিএস হিসেবে রাখতে ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বর্তমান সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পাশাপাশি ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার