Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু হাসপাতালে, জরুরি অস্ত্রোপচার

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:৪১ এএম

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু হাসপাতালে, জরুরি অস্ত্রোপচার

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গাইনোকোলজিক্যাল জটিলতা নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বর্তমানে তিনি নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ডা. মিতুর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার স্বামী এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, অস্ত্রোপচারের আগে মিতু প্রায় ‘শক’ অবস্থায় ছিলেন এবং তার পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণজনিত জটিলতা তৈরি হয়েছিল। সংকটময় ওই মুহূর্তে রক্ত দিয়ে সহায়তা করা সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও সবার দোয়ায় প্রাথমিক সংকট সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অস্ত্রোপচার সফল হলেও মিতুর শরীরে নতুন কিছু জটিলতা দেখা দিয়েছে। তার স্বামী জানান, বর্তমানে অপারেশনজনিত বড় কোনো সমস্যা না থাকলেও পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক জটিলতা তৈরি হয়েছে। তার ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসি-সহ বেশ কয়েকটি প্যারামিটার আশঙ্কাজনকভাবে বেড়েছে। শরীরে নিউট্রোফিলিয়া ও সেপটিসেমিয়ার লক্ষণও দেখা গেছে। এছাড়া নতুন করে উচ্চমাত্রার ডায়াবেটিস শনাক্ত হওয়ায় তাকে নিয়মিত ইনসুলিন দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট ছাড়া তার শরীরে অক্সিজেনের মাত্রা (স্যাচুরেশন) কমে যাচ্ছে। তবে আগের তুলনায় কিছু সূচক কমতির দিকে এলেও সর্বশেষ পরীক্ষায় ডব্লিউবিসি কিছুটা বেড়েছে।

ফুসফুসের সংক্রমণের কারণে মিতুর কেবিনে বর্তমানে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত দুই দিন তাকে আইসিইউতে স্থানান্তরের পরিকল্পনা থাকলেও চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় আপাতত তা প্রয়োজন হয়নি। তবে তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। সুস্থ হতে আরও অন্তত চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, ডা. মিতু পেশাগত জীবনে গত নয় বছর যে ক্লিনিকে দায়িত্ব পালন করেছেন, নিজের অসুস্থতার পর সেখানেই ভর্তি হয়েছেন। তার স্বামী ঢাকা মেডিকেল কলেজে কর্মরত থাকলেও স্ত্রীর স্বাচ্ছন্দ্য ও পরিচিত পরিবেশ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ডা. মিতুর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মীরা। এনসিপি ডায়াস্পোরা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও ফিনল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ সিকদার বলেন, ‘মিতু আপার অসুস্থতার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অপারেশনের আগে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। আমরা নিয়মিত খোঁজ নিচ্ছি এবং দলীয় নেতা-কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার