Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জ্বালানি সংকট নিয়ন্ত্রণে অ্যাপভিত্তিক তেল সরবরাহের সিদ্ধান্ত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম

জ্বালানি সংকট নিয়ন্ত্রণে অ্যাপভিত্তিক তেল সরবরাহের সিদ্ধান্ত

বিজ্ঞাপন

জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মানিকগঞ্জে অ্যাপভিত্তিক তেল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জ্বালানি তেল পরিস্থিতি মনিটরিং বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এ ব্যবস্থায় নিবন্ধিত গ্রাহকদের তথ্যভিত্তিক ডাটাবেজ তৈরি করে পেট্রলপাম্পগুলো থেকে তেল সরবরাহ করা হবে। ফলে একজন গ্রাহক দিনে একাধিক পাম্প থেকে তেল নিতে পারবেন না- এমন নিয়ন্ত্রণ ব্যবস্থাও থাকছে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় পাম্প মালিক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

পাম্প মালিকরা জানান, ডিপো থেকে সরবরাহ অর্ধেকে নেমে এলেও চাহিদা উলটো বেড়েছে। এতে পাম্পগুলোতে প্রতিদিনই চাপ বাড়ছে, তৈরি হচ্ছে বিশৃঙ্খলার আশঙ্কা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি ও হুড়োহুড়িতে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।

বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মানিকগঞ্জ-সাভার অঞ্চলের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, আমরাও সংকটে আছি।  আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম তেল পাচ্ছি; কিন্তু চাহিদা বেড়েই চলেছে। এতে পাম্পে শৃঙ্খলা রাখা কঠিন হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দাহ্য পদার্থের কারণে পাম্পগুলো ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। সামান্য বিশৃঙ্খলাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিতে পাম্পগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের দাবি জানান তিনি।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকদের নিবন্ধন সম্পন্ন করে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে। এরপর সেই ডাটাবেজ যাচাই করে তেল সরবরাহ করা হবে। এতে একদিকে যেমন সরবরাহে স্বচ্ছতা আসবে, অন্যদিকে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মজুতের প্রবণতাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই অ্যাপভিত্তিক কার্যক্রম চালু করা হবে।

সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ এবং মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার