বিজ্ঞাপন
দেশে কােন জ্বালানির মজুদ কত? নতুন করে জানালেন জ্বালানিমন্ত্রী
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
বিজ্ঞাপন
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, প্রয়োজন হলে সরকার আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে মৌলভীবাজার–২ আসনের বিএনপির সংসদ সদস্য শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
জ্বালানিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
ফলে বৈশ্বিকভাবে জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এতে জ্বালানি তেলের দামের ক্ষেত্রে অস্বাভাবিক অস্থিরতা দেখা দিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলে নিরাপত্তাঝুঁকি বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও অস্থিরতা তৈরি হয়েছে। সম্ভাব্য সব উৎস খুঁজে, দেশে সব ধরনের জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে সরকার।
দেশে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ আছে উল্লেখ করে তিনি জানান, দেশে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন ডিজেল মজুদ আছে। আরো ১ লাখ ৩৮ হাজার টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। অকটেনের মজুদ আছে ১০ হাজার ৫০০ টন। ৭১ হাজার ৫৪৩ টন ৩০ এপ্রিলের মধ্যে আসবে।
এ ছাড়া পেট্রল ১৬ হাজার টন মজুদ আছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আসবে আরো ৩৬ হাজার টন।
বিজ্ঞাপন