বিজ্ঞাপন
বাংলাভাষী পাঠকদের যে বার্তা দিলেন আজহারী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম
বিজ্ঞাপন
বাংলাভাষী পাঠকদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও লেখক ড. মিজানুর রহমান আজহারী। মেধা ও মননের বিকাশে পাঠের গুরুত্ব তুলে ধরে তিনি উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশের পাঠচর্চার তুলনাও করেন।
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত আলোচিত গ্রন্থ ‘এক-নজরে কুরআন’-এর অভাবনীয় সাফল্য এবং পাঠকদের সঙ্গে বইটির আত্মিক বন্ধন উদযাপন উপলক্ষে ‘বই উৎসব ২০২৬’-এর আয়োজন করে সত্যায়ন প্রকাশন। এই আয়োজনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ড. মিজানুর রহমান আজহারী। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনের স্লোগান ছিল ‘বইয়ের আলোয় রাঙাই সময়’। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, করপোরেট নেতৃত্ব এবং বিপুলসংখ্যক পাঠকের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
আনন্দঘন পরিবেশে প্রিয় লেখকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে পাঠকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ‘এক-নজরে কুরআন’ গ্রন্থটির অসাধারণ সাফল্য এবং পাঠকের সঙ্গে এর গভীর সম্পর্ক উদযাপন করতেই এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়। একই দিনে লেখকের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ পেয়ে পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে ‘সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় ড. আজহারী মানুষের লিখনপদ্ধতির ইতিহাস—হায়ারোগ্লিফিক্স বা চিত্রলিপি থেকে শুরু করে আধুনিক জ্ঞানচর্চার বিবর্তন তুলে ধরেন। বই পড়ার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি উন্নত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পাঠসংস্কৃতির তুলনা করেন এবং বাংলাভাষী পাঠকদের আরও বেশি পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন।
সত্যায়ন প্রকাশনের ইসমাইল হোসাইন বলেন, ‘এক-নজরে কুরআন’ যেভাবে দেশ-বিদেশের লাখো পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তা সত্যিই অনন্য। সেই আনন্দকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। তিনি আরও জানান, পাঠকদের ভালোবাসা ভবিষ্যতে আরও মানসম্মত ও সৃজনশীল কাজ করতে তাদের অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. শেখ মহিউদ্দিন, ডা. জাহাঙ্গীর কবির, ড. মোহাম্মদ আব্দুর রব, সানাউল্লাহ রাহমানী এবং মাওলানা সাইমুম সাদী।