বিজ্ঞাপন
ঈদযাত্রা: ১ টিকিটের বিপরীতে ৪০০ জনের চেষ্টা, এক ঘণ্টায় বিক্রি শেষ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:০৪ পিএম
বিজ্ঞাপন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে, বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) জন্য নির্ধারিত প্রায় সব টিকিট শেষ হয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, এবার ২৩ মে ঢাকা থেকে ৪৩টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে রেলের পশ্চিমাঞ্চলে যাবে ২০টি ট্রেন। এসব ট্রেনের জন্য নির্ধারিত আসন রয়েছে ১৫ হাজার ২৬৬টি। আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে প্রথম ১৫ মিনিটে সাড়ে ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায় এবং সকাল ৯টার মধ্যে বিক্রি হয় ১৫ হাজার ৪৩টি টিকিট।
সূত্র জানায়, সকালের দিকে টিকিট কিনতে বিপুল সংখ্যক মানুষ চেষ্টা করছিলেন। বিশেষ করে প্রথম আধা ঘণ্টায় ৬০ লাখ মানুষ টিকিট কেনার জন্য চেষ্টা চালান। এর মানে হচ্ছে প্রতিটি টিকিটের জন্য গড়ে চেষ্টা চালিয়েছেন ৩৯৩ জন। আজ দেয়া হয়েছে আগামী ২৩ মে’র ট্রেন যাত্রার টিকিট। এবার ঈদের অগ্রিম টিকিটের শতভাগ বিক্রি করা হচ্ছে অনলাইনে।
অন্যদিকে রেলের পূর্বাঞ্চলে ২৩ মে ঢাকা থেকে চলাচল করবে ২৩টি ট্রেন। এসব ট্রেনের জন্য ১৫ হাজার ৯৭৪টি টিকিট বরাদ্দ রয়েছে। আজ দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) জন্য নির্ধারিত টিকিট বিক্রি শুরু হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে টিকিট বিক্রির জন্য আগেই সূচি ঠিক করে দেয়। সূচি অনুসারে, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে। এছাড়া ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।
যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে (স্ট্যান্ডিং) যাওয়ার টিকিট বিক্রি হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে যাতায়াত করা যাবে না। রেলের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলোর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল’। চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে ‘চাঁদপুর স্পেশাল’। এই দুটি ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।
এছাড়া ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিন দিন এবং ঈদের পর আরও তিন দিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ চলবে। অন্য চারটি বিশেষ ট্রেন চলবে শুধু ঈদের দিন। এসব ট্রেন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহর উদ্দেশে যাত্রী পরিবহন করবে।
এর পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য থাকছে পশুবাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল)। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে। এই ক্যাটল ট্রেন দুটি চলাচল করবে ২২ ও ২৩ মে।