Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

উত্তরায় কিশোর গ্যাংয়ে আতঙ্কিত বাসিন্দারা, অভিযানে গ্রেপ্তার ৪

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:৫৫ এএম

উত্তরায় কিশোর গ্যাংয়ে আতঙ্কিত বাসিন্দারা, অভিযানে গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে ধারালো দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে এ মহড়া দেয় তারা। এ সময় অন্তত অর্ধশত কিশোর গ্যাংয়ের সদস্য উপস্থিত ছিল।

উত্তরার বাসিন্দারা এশিয়া পোস্টকে বলেন, 'আমরা যারা উত্তরায় বসবাস করছি, তাদের জন্য এটি হুমকিস্বরূপ। যেকোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে।'

তারা বলেন, 'আগে মোহাম্মদপুরে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্রসহ মহড়া দিত। এখন সেটির দেখাদেখি এবার উত্তরায়ও মহড়া শুরু হয়েছে। আমরা আতঙ্কে আছি।'

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, 'একটি গ্রুপ স্লোগান দিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা কিশোর গ্যাংয়ের সদস্য। পাশেই আমাদের একটি টহল টিম ছিল। পুলিশ কিশোর গ্যাংয়ের সদস্যদের চ্যালেঞ্জ করে চারজনকে গ্রেপ্তার করেছে।'

খালিদ মুনসুর বলেন, 'কারা এদের সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে মহড়া দিয়েছিল, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।'

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার