Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

‘আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না’

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

‘আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না’

বিজ্ঞাপন

‘আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপস করে না।’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

এদিকে তৃতীয় লিঙ্গসহ সব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। এ দাবিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষমুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী।

শনিবার রাত ৮টায় রংপুর নগরীর নূরপুরে ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

কারো সঙ্গে আপস কিংবা বিক্রি না হয়ে বৈষম্যের প্রতিবাদ জানাতে এ সিদ্ধান্ত নিয়েছেন দাবি করে রানী বলেন, আমাকে ভুল বুঝবেন না, কষ্ট পাবেন না। আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপস করে না। এটি কোনো বিদায় নয়; এটি বৈষম্যের বিরুদ্ধে একটি দৃঢ়, নীতিগত ও শান্তিপূর্ণ অবস্থান। একই সঙ্গে আমার এই যৌক্তিক দাবির পক্ষে সংহতি জানিয়ে আমার হাতকে শক্তিশালী করবেন, যাতে করে হিজড়া জনগোষ্ঠীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায় করা সম্ভব হয়।

আক্ষেপের সুরে আনোয়ারা ইসলাম রানী বলেন, যুগের পর যুগ ধরে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠী, আদিবাসী, হরিজনসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী নিজ দেশেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত এবং নানাবিধ বঞ্চনার শিকার। পৈতৃক সম্পত্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তারা বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। সামাজিক বঞ্চনা একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে লাশ দাফন করতেও বাধার সম্মুখীন হতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমরা এই প্রান্তিকতার অবসান চাই।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি এবং রূপান্তরের উদ্যোক্তা। তিনি সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে চমক দেখিয়েছেন। ওই নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ৮১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন।

রংপুর সদর ও রংপুর সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড মিলে রংপুর-৩ আসন। এ আসনে ১৬৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২৪০। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৭০ জন, নারী ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন ও হিজড়া ৫ জন। ইতোমধ্যে রংপুর-৩ আসনে ৫ হাজার ২৩০ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার