বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ‘পাগল’ বলে আখ্যা দিয়েছেন সিরাজগঞ্জের আলেম-ওলামারা। তার সংসদীয় পদ বাতিল করে পাবনার ‘পাগলা গারদে’ ভর্তি করার দাবিও জানিয়েছেন তারা।
গত সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে আয়োজিত এক প্রতিবাদ ও ঘৃণা সমাবেশে এ দাবি জানান তারা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলার প্রতিবাদে মুফতি আমির হামজার বিরুদ্ধে জেলার সর্বস্তরের আলেম ওলামা এই সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, “মুফতি আমির হামজা আদৌ ‘মুফতি’ হয়েছে কি না, সেটা আমাদের জানা নেই। মুফতি আমির হামজা জাতে পাগল তালে ঠিক। টুকুকে নাস্তিক বলেছে, ইসলামবিরোধী বলেছে। তিনি ওয়াজ মাহফিলে গিয়ে ইন্ডিয়ার নায়িকা রাশমিকা মানদানার কথা বলেন, তাকে না পাওয়ার বেদনায় উন্মাদ হয়ে গেছেন।”
তারা বলেন, “আমাদের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি।’ বাস্তবে তাই, পশ্চিম পাকিস্তানিদের অত্যাচার থেকে বাঁচার জন্য যুদ্ধ হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়নি। মন্ত্রী ঠিকই বলেছেন।
তার এই বক্তব্যে তিনি নাস্তিক হননি। উনি যদি বলতেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, তাহলে আমরাই ফতোয়া দিতাম।”
আমির হামজার তিলাওয়াতের পেছনে নামাজ পড়লে আমাদের আলেমদের নামাজ হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, ‘তাদের দলের লোক ভুল করলে ঠিক, অন্য দলের লোক ঠিক বললেও ভুল। বিগত নির্বাচনে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে ৭৭টি সিট পেয়েছেন।
আগামী ৫ বছর পরে নির্বাচন হবে, এসব এলোমেলো কথা বললে জনগণ আপনাদের প্রত্যাখান করবে।’
জেলা জাতীয় ইমাম কমিটির সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ সরকার, ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মওলানা আল-আমিন, মুফতি আহমাদুল্লাহ সিরাজী, মওলানা মুফতি নোমানসহ জেলার শীর্ষ স্থানীয় আলেম ওলামা।
এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন।
বিজ্ঞাপন