বিজ্ঞাপন
ছাত্রদলের রেদোয়ান ‘রূপান্তরিত নারী’, পরে অব্যাহতি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম একজন রূপান্তরিত নারী। তবে কমিটি গঠনের আগে তিনি পুরুষ হিসেবেই আবেদন করেছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপত্রে তার বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
রেদোয়ান ট্রান্সজেন্ডার বলে আলোচনায় রয়েছে। তাকে পদ দেওয়ার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, সম্প্রতি কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ৫১ সদস্যের ছাত্রদল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি দেওয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে রেদোয়ান এ নিয়ে ভিডিও বার্তায় বলেছেন, ‘অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এমন মানুষ হিসেবে আমাকে যুক্ত করা হয়। কিন্তু আমাকে নিয়ে এমনভাবে কথা বলা শুরু হয়েছে যে, যেন আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে। সে ছেলে নাকি মেয়ে, তা বিষয় না।’
বিজ্ঞাপন