বিজ্ঞাপন
মা আ.লীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম
বিজ্ঞাপন
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে নাদিয়া পাঠান পাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
মেয়ের এই মনোনয়ন প্রাপ্তিতে খুশি জানিয়ে মা বললেন, ‘রাজনীতি নিয়ে আমাদের (মা-মেয়ে) মাঝে কোনও মতানৈক্য হয়নি। এ নিয়ে কোনও ধরনের কথা হয়নি। শ্বশুর বাড়ি থাকার সুবাদে আমার মেয়ে ঢাকাতেই রাজনীতি করেছে।’
নাদিয়া পাঠান পাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়ন পর্যায়ের রাজনীতি থেকে শুরু করে তিনি কেন্দ্র পর্যন্ত পদে আসীন হন। জুলাই অভ্যুত্থানেও তিনি সরাসরি মাঠে ছিলেন। নাদিয়া পাঠানের মা সৈয়দা নাখলু আক্তার আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় জড়িত থাকার পাশাপাশি জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি, বিজয়নগর মহিল আওয়ামী লীগের সভাপতি, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ছিল। কিন্তু ওনার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হয়েছে!’
বিজয়নগরের সন্তান হওয়ায় দলমতের ঊর্ধ্বে উঠে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর কথা স্ট্যাটাসে উল্লেখ করেছেন।
বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার বিকালে ওনার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি। যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে নাদিয়া পাঠানের মা সৈয়দা নাখলু আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমি আরও আগেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার মেয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করতো। তবে রাজনীতি নিয়ে তার সঙ্গে কখনও আমার মতানৈক্য হয়নি। মেয়ে এমপি হলে মায়ের যে অনুভূতি হওয়ার কথা সেটাই আমার হচ্ছে।’