Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

নতুন সরকার এলে পরিবর্তন আসবে নেতৃত্বে, শঙ্কায় বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ এএম

নতুন সরকার এলে পরিবর্তন আসবে নেতৃত্বে, শঙ্কায় বিসিবি

বিজ্ঞাপন

জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে শুরু হয়েছে আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যার নেতৃত্বে আছেন তারেক রহমান। দেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেট প্রশাসনে, পরিবর্তনের হাওয়া লাগবে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বিসিবির ভেতরে-বাইরে একধরনের শঙ্কা কাজ করছে।

কেউ কেউ মনে করছেন, বোর্ড ভেঙে না দিলেও সভাপতি পদে পরিবর্তন আসতে পারে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাবেক সরকারের সময়ের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থনে দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। আগের সরকারের সিদ্ধান্তে বিশ্বমঞ্চে না খেলায় আক্ষেপ একাধিক সাবেক ক্রিকেটারের। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ অনেকে। তারা মনে করছেন, বিসিবির নেতৃত্বে পরিবর্তন এখন সময়ের ব্যাপার।

তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আত্মবিশ্বাসী, নতুন সরকার বিসিবির কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করবে না। নবনির্বাচিত সংসদ-সদস্যদের মধ্যে কয়েকজন রয়েছেন, যারা অতীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী-মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ক্রীড়া প্রশাসনে তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সর্বশেষ বিসিবি নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে একটি অংশ নির্বাচন বয়কট করেছিল। বয়কটকারী সেই কাউন্সিলরদের অধিকাংশই বিএনপি-ঘনিষ্ঠ বলে পরিচিত। তামিম নিজেও সরাসরি বিএনপির নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন। বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকার পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই কিছুটা সংশয় তৈরি হয়। তবে নির্বাচিত কমিটি হুট করে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিধিনিষেধের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।’ দেশের ক্রিকেটের স্বার্থে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।

অন্যপক্ষ মনে করছে, জাতীয় সংসদ নির্বাচনে সাবেক তারকা ফুটবলার আমিনুল হক পরাজিত হওয়ায় বিসিবির ওপর রাজনৈতিক চাপ কিছুটা কমতে পারে। আমিনুলের সঙ্গে তামিম ইকবালের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আলোচনা রয়েছে। সবশেষ বিসিবি নির্বাচনে তামিম সভাপতি হওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। বর্তমান পরিচালকদের একাংশের ধারণা, পুরো কমিটি ভেঙে না দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনে নতুন সরকার সভাপতি পদে রদবদল আনতে পারে। সেখানে বর্তমান কমিটি থেকে একজনকে সভাপতি করা হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার