Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার এইটে কোন গ্রুপে কারা, কবে কার খেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম

সুপার এইটে কোন গ্রুপে কারা, কবে কার খেলা

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিশ্চিত করেছে সাতটি দল। বাকি দলটি হওয়ার দৌড়ে আছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসেরও আশা আছে তবে খুবই ক্ষীণ। ইতোমধ্যে বাকি সাত দলের কারা কোন গ্রুপে থেকে সুপার এইটে খেলবে, তা নিশ্চিত হয়ে গেছে।

‘এ’ গ্রুপ থেকে কেবল ভারত তিন ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উঠেছে পরের পর্বে। গতকাল ক্যান্ডিতে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে জিম্বাবুয়ানরা। তাতে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে বাদ পড়েছে।

‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন একটি জায়গা ফাঁকা। নামিবিয়ার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামবে পাকিস্তান। তারা জিতলে উঠবে সুপার এইটে, হারলে বিদায় নিতে হবে এবং যুক্তরাষ্ট্র উঠে যাবে। তবে গাণিতিকভাবে নেদারল্যান্ডসেরও সুযোগ আছে। রান রেটে আমেরিকাকে পেছনে ফেলতে ডাচদের শুধু ভারতের বিপক্ষে জিতলেই হবে না, সেটা হতে হবে বড় ব্যবধানে।

তবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মধ্যে যে দলই উঠুক না কেন, তারা সুপার এইটের ২ নম্বর গ্রুপে খেলবে। আইসিসি আগেই সুপার এইটের গ্রুপিংয়ের জন্য আট দলকে বাছাই দল ঘোষণা করেছিল। প্রথম পর্বে গ্রুপে যে অবস্থানে থাকুক না কেন, তাদের মধ্যে কোন দল কোন গ্রুপে খেলবে তা নির্ধারিত ছিল আগেই। আর বাছাই দলগুলো বাদ পড়লে তাদের জায়গা নেবে তাদের গ্রুপ থেকে সুপার এইটে ওঠা অবাছাই দল। আর তাই আগের নির্ধারিত অস্ট্রেলিয়ার (বি১) জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। আর বাছাই দল পাকিস্তান বাদ পড়ে গেলে এ২ হবে যুক্তরাষ্ট্র।

আগে থেকে নির্ধারিত ছিল কোয়ালিফাইয়ের ভিত্তিতে ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি১), দক্ষিণ আফ্রিকা (ডি১) এক নম্বর গ্রুপে খেলবে। দুই নম্বর গ্রুপে থাকবে পাকিস্তান (এ২), শ্রীলঙ্কা (বি২), ইংল্যান্ড (সি২) ও নিউজিল্যান্ড (ডি২)। মানে গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়ার চেয়ে সেরা দুইয়ে থাকাই আসল।

সুপার এইটে দুই গ্রুপের দল একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে এক নম্বর গ্রুপের শীর্ষ দল দুই নম্বর গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে, একইভাবে দুই নম্বর গ্রুপের শীর্ষ দল খেলবে এক নম্বর গ্রুপের রানার্সআপকে। 

গ্রুপ ১- ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ২- পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড।

সুপার এইট সূচি

২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস; সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো

২২ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, বেলা সাড়ে ৩টা, পাল্লেকেলে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা সাড়ে ৭টা, আহমেদাবাদ

২৩ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, ওয়াংখেড়ে

২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে

২৫ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো

২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিকেল সাড়ে ৩টা, আহমেদাবাদ

ভারত বনাম জিম্বাবুয়ে, সন্ধ্যা সাড়ে ৭টা, চেন্নাই

২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, সন্ধ্যা সাড়ে ৭টা, কলম্বো

২৮ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডস, সন্ধ্যা সাড়ে ৭টা, পাল্লেকেলে

১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, বিকেল সাড়ে ৩টা, দিল্লি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা সাড়ে ৭টা, কলকাতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার