বিজ্ঞাপন
১১৩ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষেও সংগ্রাম করতে হলো আর্জেন্টিনাকে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:৫২ এএম
বিজ্ঞাপন
ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ ছিল ১১৫ নম্বর দল মৌরিতানিয়া। আর্জেন্টিনা জিতবে, সেটাই প্রত্যাশিত ছিল। সেটাই হয়েছে শেষমেশ, ২-১ গোলে জিতেছে কোচ লিওনেল স্কালোনির দল।
তবে যে ঢঙে জিতেছে, বিশ্বকাপের আগে এমন কিছু হয়তো কোচ চাননি। ১১৩ ধাপ পিছিয়ে থাকা দলটার বিপক্ষে জিততেও যে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের!
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৭ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করেন। ৩২ মিনিটে নিকো পাজ ফ্রি কিক থেকে আরেকটি গোল করেন। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।
এই দুই গোল বাদে তেমন আধিপত্য দেখাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ স্কালোনি আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে মেসি ও দি পল প্রথম একাদশে থাকবেন না। তাই তারা বেঞ্চে বসে প্রথমার্ধে দলের খেলা দেখেন। বিরতির পর দুজনে মাঠে নামেন। যদিও দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি আর্জেন্টিনা।
পুরো ম্যাচ মিলিয়ে আর্জেন্টিনা লক্ষ্যে শট নিয়েছে ৪টি, মৌরিতানিয়াও ৪টি। বরং একটু এদিক ওদিক হলে ড্রও হতে পারত ম্যাচটা। শেষ মুহূর্তে বেস কিছু ভালো সুযোগ পেয়েছিল আফ্রিকান দলটা, তারই একটা গোল করে মৌরিতানিয়া। যোগ করা সময়ে অভিষিক্ত ডিফেন্ডার জর্ডান লেফোর্ট গোল করেন।
আগামী ১ এপ্রিল জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। বিশ্বকাপের আগে এটাই তাদের শেষ ম্যাচ।
বিজ্ঞাপন