বিজ্ঞাপন
রিয়ালের জালে ১২ গোল জড়িয়ে সেমিফাইনালে বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম
বিজ্ঞাপন
নারী ফুটবলে এক ঐতিহাসিক রাতের জন্ম দিল বার্সেলোনা। বৃহস্পতিবার উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৬-০ গোলে হারিয়ে দিল বার্সা ফেমেনি। দুই লেগ মিলিয়ে মোট ব্যবধান দাঁড়াল ১২-২। এটি নারী ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বড় জয়।
রিয়ালের বিরুদ্ধে ২৫টি ম্যাচে এটি ছিল তাদের ২৪তম জয়। শুধু তাই নয়, এটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় হার। গত এক সপ্তাহেরও কম সময়ে দুই দলের মধ্যে তিনটি ম্যাচ হয়েছে। রোববার স্প্যানিশ লিগে ৩-০, প্রথম লেগে ৬-২ এবং দ্বিতীয় লেগে ৬-০। মোট স্কোর — বার্সেলোনা ১৫, রিয়াল মাদ্রিদ ২।
ম্যাচের মাত্র ৮ মিনিটে গোল করেন আলেক্সিয়া পুতেয়াস। ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে তিনি বার্সেলোনার হয়ে ২৩০তম গোলের দেখা পেয়ে যান। ইওয়া পাহোরের শট রিয়াল গোলকিপার মিসা রদ্রিগেস ঠেকিয়ে দেন, তবে রিবাউন্ড থেকে জালে বল পাঠান পুতেয়াস। এই গোলের মাধ্যমে তিনি নারী ক্লাব ফুটবলে এক মৌসুমে ৩০ গোল করা প্রথম স্প্যানিশ খেলোয়াড় বনে গেলেন।
সাত মিনিট পরে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন কাছ থেকে হেডে করেন দ্বিতীয় গোল। ২৭তম মিনিটে গ্রাহাম হ্যানসেনের কর্নার থেকে হেডে তৃতীয় গোল করেন আইরিন পারেদেস। এরপর হাফটাইমের আগেই ইওয়া পাহোর চ্যাম্পিয়ন্স লিগে তার সপ্তম গোল করেন। ইউরোপীয় ক্লাব ফুটবলে এটি তার ক্যারিয়ারের ৪০তম গোল। বিরতিতে স্কোর ছিল ৪-০।
দ্বিতীয়ার্ধে গ্রাহাম হ্যানসেন গোলকিপারকে চিপ করে পঞ্চম গোল করেন। এরপর ক্লারা সেরা জর্দির সহায়তায় এসমি ব্রাগটস ষষ্ঠ গোলটি ট্যাপ করে জালে পাঠান।
এই জয়ের ফলে বার্সেলোনা টানা অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল — যা এই প্রতিযোগিতার ইতিহাসে একটি রেকর্ড। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ। গত অক্টোবরে লিগ পর্যায়ে বার্সেলোনা বায়ার্নকে ৭-১ গোলে হারিয়েছিল।
গত মৌসুমে ফাইনালে আর্সেনালের কাছে হেরে শিরোপা হারিয়েছিল বার্সেলোনা। এবার তারা সেই শিরোপা ফিরে পেতে মাঠে নামছে। লিগ পর্যায়ে তারা অপরাজিত ছিল। ২০ গোল করেছে, মাত্র ৩টি খেয়েছে।
বিজ্ঞাপন