বিজ্ঞাপন
অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
আইটি ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
বিজ্ঞাপন
শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ও অনলাইন অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন একটি বয়স যাচাই ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে ১৮ বছরের কম বয়সিদের নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডে সীমাবদ্ধতা আরোপ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশের আসন্ন আইন ও আঞ্চলিক বিধিমালা মেনে চলতে ডেভেলপারদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরে ১৮+ রেটিং পাওয়া অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বয়স নিশ্চিতকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ব্রাজিলে যেসব অ্যাপে লুট বক্সের মতো ফিচার রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ১৮+ হিসেবে চিহ্নিত হবে।
অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোর নিজেই ব্যবহারকারীর বয়স যাচাই করতে পারবে। পাশাপাশি ডেভেলপারদেরও প্রয়োজনে আলাদাভাবে বয়স নিশ্চিত করার দায়িত্ব থাকতে পারে। এ উদ্দেশ্যে ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ নামে নতুন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীর বয়স-সংক্রান্ত তথ্যের ইঙ্গিত দেবে।
নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ৬ মে ২০২৬ থেকে এবং লুইজিয়ানায় ১ জুলাই ২০২৬ থেকে বয়সভিত্তিক তথ্য ডেভেলপারদের সঙ্গে ভাগ করা হবে। এ এপিআইয়ের মাধ্যমে জানা যাবে ব্যবহারকারীর ক্ষেত্রে বয়সসংক্রান্ত বিধিনিষেধ আছে কি না এবং পিতামাতার অনুমতির প্রয়োজন রয়েছে কি না।
সমর্থকদের মতে, এসব উদ্যোগ শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে। তবে সমালোচকেরা বলছেন, অতিরিক্ত বয়স যাচাই ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বয়সসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবহারে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও রয়েছে।
উটাহ আইনের প্রধান দিকগুলো
- অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে
- অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রাখতে হবে
- নির্দিষ্ট অ্যাপ বা ফিচার ব্যবহারে পিতামাতার অনুমতি প্রয়োজন হতে পারে
- বয়স যাচাই বা অনুমতির ব্যবস্থা না থাকলে কিছু অ্যাপ ডাউনলোড সীমিত করা হতে পারে
বিজ্ঞাপন